রাজনীতি অর্থনীতিবান্ধব কাঠামোতে রূপান্তর করতে না পারলে বিশেষজ্ঞদের সব উন্নয়নমূলক আলোচনা তাত্ত্বিক পর্যায়েই সীমাবদ্ধ থাকবে। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এজন্য প্রয়োজন সুনির্দিষ্ট ‘পলিটিক্যাল কোর্স অব অ্যাকশন’ বা সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মপন্থা।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘র্যাপিড ওয়ার্কশপ ফর জার্নালিস্ট : এলডিসি গ্র্যাজুয়েশন অ্যান্ড ট্রেড কম্পিটিটিভনেস’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) এই কর্মশালার আয়োজন করে।
বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন বা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময়সীমা ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত পিছিয়ে নেওয়ার প্রক্রিয়া স্বাগত জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, এই বর্ধিত ৩ বছর কেবল ভয়ের কারণে সময় ধার করা হিসাবে দেখা উচিত নয় বরং এ সময়কে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন এবং কর কাঠামোর আধুনিকায়নের মতো বড় নীতিগত সংস্কারের জন্য যথাযথভাবে সদ্ব্যবহার করতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশনের পর দেশের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ আরও বাড়বে, তাই এখন থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি।








