শিক্ষক সংকট নিরসন ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় তারা দ্রুত সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শিক্ষার্থীরা বলেন, দেশের অধিকাংশ মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটের জন্য পৃথক ভবন থাকলেও বরিশালে এখনো আলাদা ডেন্টাল ভবন নির্মাণ করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। তারা দ্রুত পৃথক ডেন্টাল ভবন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়ার দাবি জানান। পাশাপাশি নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত বর্তমান ভবনকে আধুনিক ও মানসম্মত করার আহ্বান জানান।

এর আগে শিক্ষার্থীরা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং কলেজের অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষক সংকট ও অবকাঠামোগত সমস্যার বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে সংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণেরও দাবি জানান তারা।