বরিশালের আগৈলঝাড়ায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামি সত্তার ফরিয়া আজ বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। অভিযুক্ত ব্যক্তি উপজেলার উত্তর শিহিপাশা এলাকার সত্তার ফরিয়া (৬০)।

মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ২০১৭ সালে মারা যান। এরপর মা মেয়েকে নিয়ে কষ্টে সংসার চালিয়ে আসছেন।

পরিবারের অভিযোগ, সত্তার ফরিয়া শিশুটির পাশের বাড়িতে মেয়ে বিয়ে দেওয়ার সুবাদে যাতায়াত করতেন। এ সুযোগে তিনি শিশুটিকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার দিন দুপুরে শিশুটির মা বয়স্কভাতার আবেদন করতে আগৈলঝাড়া বাজারে যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সত্তার ফরিয়া শিশুটির ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ পরিবারের।

ঘটনার কয়েকদিন পর শিশুটি বিষয়টি তার মাকে জানালে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। পরে এ ঘটনায় শিশুটির মা ফাতেমা বেগম বাদী হয়ে অভিযুক্ত সত্তার ফরিয়ার বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন।

ভুক্তভোগী শিশুর মা বলেন, ‘আমার মেয়ে মাত্র ৯ বছরের। তার বাবা অনেক আগেই মারা গেছেন। অনেক কষ্ট করে মেয়েকে পড়াশোনা করাচ্ছি। আমি চাই, আমার মেয়ের সঙ্গে যে অন্যায় হয়েছে তার সুষ্ঠু বিচার হোক এবং অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’

এ বিষয়ে অভিযুক্ত সত্তার ফরিয়ার মেয়ের জামাতা ও প্রতিবেশি আব্দুর রহমান বলেন, ‘অপরাধ যেই করুক, তার শাস্তি হওয়া উচিত। সে আমার শ্বশুর হলেও অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া উচিত নয়। আমি প্রশাসনের কাছে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।’

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামি সত্তার ফরিয়া বরিশাল আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন।