সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি কর্মীর মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ দেশে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৪০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।

গত ৯ আগস্ট রিয়াদের ওই কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি কর্মী নিহত হন। সৌদি কর্তৃপক্ষ ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নয়জনের পরিচয় শনাক্ত করে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন, নাটোরের নলডাঙ্গার একজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন। আত্রাইয়ের নিহতদের মধ্যে একই গ্রামের চারজন এবং দুজন সহোদর রয়েছেন।

বিমানবন্দরে নিহতদের মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, নিহত নয়জনের পরিবারের জন্য লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকা এবং এককালীন আর্থিক অনুদান হিসেবে ৩ লাখ টাকা দেওয়া হবে। অর্থাৎ প্রতিটি পরিবার মোট ৩ লাখ ৩৫ হাজার টাকা সহায়তা পাবে।

মন্ত্রী আরও জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অ্যাম্বুলেন্সে মরদেহগুলো সরাসরি নিহতদের নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

অগ্নিকাণ্ডে নিহত বাকি সাত বাংলাদেশি কর্মীর ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা সম্ভব হয়নি। তাঁদের পরিচয় নিশ্চিত করতে ইতিমধ্যে সিআইডির তত্ত্বাবধানে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। দ্রুততম সময়ে তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রবাসীরা অনেক কষ্ট করে বিদেশে কাজ করেন এবং পরিবারের জন্য অর্থ পাঠান। এ ধরনের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। বাকি নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন। আগুনে মরদেহগুলোর পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা প্রয়োজন হওয়ায় পরিবারের সঙ্গে যোগাযোগ করে নমুনা সংগ্রহ করা হয়েছে। দ্রুত তাঁদের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) দেওয়ান আলি আশরাফ এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের ডেপুটি চিফ অব মিশন ইব্রাহীম আলাহমারি উপস্থিত ছিলেন।