অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের মগ যুবককে আটক করেছে ১১ বিজিবির লেম্বুছড়ির জোয়ানরা। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবির অধীন লেম্বুছড়ি বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে টহল দলটি সীমান্ত পিলার ৫০ থেকে আনুমানিক ৩০০ গজ উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে বাহির মাঠ নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম জোজোবা (২৭)। তিনি মিয়ানমারের বুচিদং জেলার তেপাডং গ্রামের জোমই থং এর ছেলে।

স্থানীয়দের প্রশ্নের জবাবে যুবক জানিয়েছেন, তিনি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে যাচ্ছিলেন। তিনি তাদের একান্ত সহযোগী বলেও দাবি করেন।

এদিকে বিজিবি সূত্রের দাবি, আটক মিয়ানমারের যুবকের কাছ থেকে বাংলাদেশী ৮ হাজার ৫৫০ টাকা এবং ১টি স্মার্ট ফোন পাওয়া গেছে। অবৈধ অনুপ্রবেশের কারণে তাঁকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাম্মেল হক বলেন, ১১ বিজিবি মিয়ানমারের এক নাগরিককে টাকা ও মোবাইল ফোনসহ বিজিবি থানায় সোপর্দ করে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে থানায়।