গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বড়ফা গ্রামে ধানের জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে বাবা ও তাঁর কিশোর ছেলের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনায়েত খা (৪০) চর বড়ফা গ্রামের মৃত শামসু খার ছেলে। তাঁর ছেলে মেহেদী হাসান খা (১২) স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় তার বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে এনায়েত খা ধানের জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে উদ্ধার করতে গিয়ে মেহেদী হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। দুপুর ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম দুজনকে মৃত ঘোষণা করেন।