গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বরফা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত শামসু খাঁর ছেলে এনায়েত খাঁ (৪০) ও তার ছেলে মেহেদী হাসান খাঁ (১২)। মেহেদী স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইকরাম হোসেন বলেন, দুপুরে কৃষিজমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে যান এনায়েত খাঁ ও তার ছেলে মেহেদী। এ সময় এনায়েত খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে মেহেদীও বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্বজনেরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এ কে এম সিরাজুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট বাবা-ছেলেকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।