খাবার রেস্টুরেন্টে হামলার ঘটনায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ হামলাকারীদের বিচার দাবিত ঝাড়ু মিছিল হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল করেন স্থানীয় নারীরা। মিছিলটি নতুন বাজার মোড় থেকে মরক খোলার পুল এলাকা প্রদক্ষিণ করে। বিক্ষোভকারী নারী রেনু বেগম বলেন, সোমবার রাতে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন, কলেজ ছাত্রদল নেতা তামিম, সিরাজুল ইসলাম রাতুল ও শান্তর নেতৃত্বে আমাদের দোকানে হামলা হয়। ছাত্রদলের নেতারা তাদের প্রতিপক্ষর ওপর হামলা চালাতে এসে আমাদের দোকানও ভাঙচুর করেছে এবং আমাকে ও আমার বোনকে মারধর করে রাস্তায় ফেলে পিটিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি, পুলিশ কাউকে আটক করেনি। উল্লেখ্য, ২৯ জুন রাতে নতুন বাজার মরকখোলার পুল এলাকায় রেস্টুরেন্টে হামলা হয়। এ সময় রেস্টুরেন্টের ক্যাশবক্স থেকে ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ তোলেন হামলার শিকার দুই নারী।