বরিশালের একটি বাড়ির এসির ইনডোর ইউনিট থেকে চারটি কালনাগিনি সাপ উদ্ধার করা হয়েছে। বরিশাল সদরের চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি গ্রামের জীবুল হক সেন্টুর বাড়িতে শনিবার অভিযান চালিয়ে সাপগুলো উদ্ধার করা হয়। বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা উদ্ধারের পর সেগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করে। তবে এসির আউটডোর ইউনিটে থাকা আরও একটি সাপ ধরা সম্ভব হয়নি। সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রোববার সাপগুলোকে নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। বাড়ির মালিক জীবুল হক সেন্টু বলেন, শুক্রবার রাতে তিনি বেডরুমের এসির নিচের অংশে একটি সাপের লেজ দেখতে পান। এরপর ৯৯৯-এ ফোন করলে সেখান থেকে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির ভেতরের উষ্ণ ও নিরাপদ পরিবেশের কারণেই সাপগুলো সেখানে আশ্রয় নিয়েছিল।