পর্তুগালের বিপক্ষে স্পেনের ১-০ গোলের জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পর সতীর্থ-প্রতিদ্বন্দ্বী বার্নার্দো সিলভার কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ম্যাচসেরা হওয়ার পর ডালাস স্টেডিয়ামের মিক্সড জোনে তিনি স্বীকার করেন, ম্যাচ চলাকালে তার নিজের আচরণ ঠিক ছিল না।

ম্যাচের শেষ দিকে, মিকেল মেরিনো স্পেনকে এগিয়ে দেওয়ার কিছুক্ষণ পরই সমতা ফেরানোর দারুণ একটি সুযোগ পান পর্তুগালের বার্নার্দো সিলভা। তবে তার হেড লক্ষ্যভ্রষ্ট হলে সেটি উদযাপন করেন রদ্রি। এই আচরণে ক্ষুব্ধ হয়ে নতুন রিয়াল মাদ্রিদ তারকা বার্নার্দো সিলভা রদ্রির কাছে গিয়ে আঙুল উঁচিয়ে প্রতিবাদ জানান। কিছুক্ষণ উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি দ্রুত শান্ত হয়ে যায়।

শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে স্পেন। ম্যাচ শেষে সেই ঘটনাটি নিয়ে কথা বলতে গিয়ে নিজের ভুল স্বীকার করেন রদ্রি।

তিনি বলেন, ‘সবার আগে আমি বার্নার্দোর কাছে ক্ষমা চাইতে চাই। আমি আমার সতীর্থের সঙ্গে ঠিকভাবে আচরণ করিনি। ওর সুযোগটি নষ্ট হওয়ায় আমি স্বাভাবিকভাবেই উদযাপন করেছিলাম, কিন্তু সেটা আমার করা উচিত হয়নি। আমি ম্যাচের পরই ওর কাছে ক্ষমা চেয়েছি, আবারও এখানে ক্ষমা চাইছি।’

ম্যাচসেরার পুরস্কার পেলেও সেটি নিজের প্রাপ্য বলে মনে করেননি রদ্রি। তার মতে, জয়সূচক গোল করা মিকেল মেরিনোই এই স্বীকৃতির প্রকৃত দাবিদার ছিলেন।

রদ্রি বলেন, ‘সঠিক মানসিকতা নিয়ে মাঠে নামলে এমন স্বীকৃতি পাওয়া যায়। তবে আমার মতে ম্যাচসেরার পুরস্কার মিকেল মেরিনোরই পাওয়া উচিত ছিল। তার গোলই আমাদের জয় এনে দিয়েছে। পুরো দলের পরিশ্রমই আজ স্মরণীয় ছিল।’

রদ্রির এই ক্ষমা চাওয়া স্পেনের ড্রেসিংরুমের ইতিবাচক পরিবেশ ও প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শনের একটি উদাহরণ হিসেবেই দেখা হচ্ছে।

আরআর/আইএইচএস/