সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের বেত্রবতী নদীর ওপর নির্মিত কাঁচাবাজার-মুরারীকাটি সংযোগ কাঠের ব্রিজটি পানির তীব্র স্রোতে ভেসে গেছে। রোববার (১২ জুলাই) সকাল ৯টার দিকে প্রবল পানির স্রোতে ব্রিজটি ভেঙে যায়। এতে দুই এলাকার মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে।স্থানীয়রা জানান, রাতভর বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির চাপে নদীর স্রোত বেড়ে যায়। সকালে হঠাৎ করেই কাঠের ব্রিজটি ভেঙে পানির স্রোতে ভেসে যায়। ফলে বিকল্প কোনো পথ না থাকায় মানুষকে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে।ব্রিজটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। কলারোয়া বাজারের ব্যবসায়ী বাবু জানান, ‘এই ব্রিজটি আমাদের দৈনন্দিন চলাচলের একমাত্র সহজ মাধ্যম ছিল। বাজারে যাওয়া, স্কুল-কলেজে যাওয়া, রোগী হাসপাতালে নেওয়া- সব কাজেই এই ব্রিজ ব্যবহার করা হতো। এখন ব্রিজটি ভেঙে যাওয়ায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি।’কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামের বাসিন্দা চাঁদ আলী বলেন, ‘প্রতিবার বর্ষা এলেই এই কাঠের ব্রিজটি ঝুঁকির মধ্যে থাকে। আমরা দীর্ঘদিন ধরে এখানে একটি স্থায়ী কংক্রিটের সেতুর দাবি জানিয়ে আসছি। কিন্তু এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।’কাঁচাবাজারের ব্যবসায়ী হাবিবুল্লাহ বলেন, ‘ব্রিজটি ভেঙে যাওয়ায় কাঁচাবাজারে ক্রেতাদের যাতায়াত কমে যাবে। এতে আমাদের ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব পড়বে।’কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন জানান, এই কাঠের ব্রিজটি সারাবছর ঝুঁকিপূর্ণ ছিল। তারপরেও এই ঝুঁকিপূর্ণ ব্রিজের ওপর দিয়ে স্কুল-কলেজের ছেলেমেয়ে, ব্যবসায়ী, সাধারণ মানুষসহ অসংখ্য মানুষ যাতায়াত করত।গত বছর এই ব্রিজটি বর্ষাকালে তিনবার সংস্কার করা হয়। মাত্র তিন দিন আগে দেড় হাজার টাকা খরচ করে আবারও সংস্কার করা হয়েছিল। কিন্তু টানা বৃষ্টিতে পানির প্রবল স্রোতে রোববার সকালে ব্রিজটি ভেসে যায়। তাই দ্রুত অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করার পাশাপাশি স্থায়ী একটি পাকা সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম জানান, ‘ব্রিজটি অতি দ্রুত সংস্কার করা হবে, যাতে মানুষ অস্থায়ীভাবে চলাচল করতে পারে। পাশাপাশি ওই স্থানে একটি পাকা ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হবে।’
রাজনীতি
বর্ষণে ভেসে গেল বাজারের ব্রিজ, দুর্ভোগে হাজারো মানুষ

শেয়ার করুন







