মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ব্যতিক্রমী এক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক মোহাম্মদ আলী আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। আর এই দল পরিবর্তনের ঘোষণা দিতে তিনি দুধ দিয়ে গোসল করে প্রতীকীভাবে নতুন দলের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন।

রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শেওড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, ছোট থেকেই মোহাম্মদ আলী ব্রাজিল দলের একনিষ্ঠ সমর্থক ছিলেন। গত দুই বিশ্বকাপে ব্রাজিলের প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় তিনি হতাশ হয়ে পড়েন। অন্যদিকে গত আসরের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ধারাবাহিক নৈপুণ্য এবং এবারের টুর্নামেন্টে সেমিফাইনাল নিশ্চিত করার পর দলটির খেলায় তিনি মুগ্ধ হন। এরপরই তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন

বান্দরবানে কমতে শুরু করেছে বন্যার পানি, এখনো পানিবন্দি হাজারো পরিবার

দল পরিবর্তনের প্রতীক হিসেবে তিনি গ্রামের মানুষের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করেন এবং পরে আর্জেন্টিনার জার্সি গায়ে তুলে নেন। এ সময় উপস্থিত সমর্থকেরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান।

মোহাম্মদ আলী বলেন, ছোট থেকেই ব্রাজিলের সমর্থক ছিলাম। কিন্তু টানা দুই বিশ্বকাপে ব্রাজিল যেভাবে হতাশ করেছে, তাতে আমার মন ভেঙে গেছে। অন্যদিকে আর্জেন্টিনা দারুণ ছন্দে খেলছে। তাদের দলীয় সমন্বয়, লড়াকু মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। তাই আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক। দুধ দিয়ে গোসল করেছি পুরোনো হতাশা দূর করে নতুনভাবে শুরু করার প্রতীক হিসেবে। আশা করি আর্জেন্টিনা এবারও শিরোপা জিতবে।

ঘটনাটি দেখতে আসা স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, এভাবে দল পরিবর্তনের ঘটনা আগে কখনও দেখিনি। বিষয়টি তাদের কাছে বেশ মজার এবং ব্যতিক্রমী লেগেছে।

আরেক দর্শক সোহেল রানা বলেন, ফুটবল নিয়ে মানুষের আবেগ কতটা গভীর হতে পারে, মোহাম্মদ আলীর এই উদ্যোগ সেটিই প্রমাণ করেছে।

আসিফ ইকবাল/এনএইচআর