চট্টগ্রামের পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে পটিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য এনামুল হক।
বন্যায় আক্রান্ত যেসব এলাকা থেকে বানের পানি নেমে গেছে, সেসব এলাকায় পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে জরুরি এ সহায়তা দেয় উপজেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র ৩৮টি পরিবারের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন এবং ৩ হাজার টাকা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, বিএনপি সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন যেন বন্যাদুর্গত মানুষের পাশে থাকি। সংসদ অধিবেশন শেষ করেই এলাকায় এসে দুর্গতদের খোঁজখবর নিয়ে তাৎক্ষণিক ত্রাণ সহায়তা প্রদান করেছি।
আরও পড়ুন
ত্রাণ মন্ত্রণালয় / চট্টগ্রামে অতিবৃষ্টি-বন্যায় ৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
তিনি বলেন, যেখানেই মানুষের সমস্যা, সেখানেই বিএনপি সরকার তা সমাধানে কাজ করছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সবাই পুনর্বাসনের আওতায় আসবেন। এক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না। ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানাই।
আরও পড়ুন
চারদিকে বন্যার পানি, ভেলায় ভাসিয়ে শেষ বিদায়!
অনুষ্ঠানে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম শাওন ভূঞা, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, জেলা বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক মোর্শেদ শফী হিরো, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মঈনুল আলম ছোটন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, সিআইপি আবুল বশর, আবদুল মাবুদ, জাসাস নেতা নাছির উদ্দিন, উপজেলা যুবদলের সদস্যসচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, উপজেলা যুবদল নেতা আব্দুল গফুর, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাবলু, যুবদল নেতা আব্দুল সবুর, ছাত্রদল নেতা রেজাউল করিম মিজান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক আলমগীর আলম, সদস্যসচিব বুলবুল আহমেদ নান্নুসহ অনেকে বক্তব্য রাখেন।
এমডিআইএইচ/ইএ








