সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরনো ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১২ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকরা হলেন- উপজেলার বাজারগ্রাম এলাকার গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং একই এলাকার কামরুল হাসান (৩০)।

পুলিশ জানায়, শ্রমিকরা পুরাতন থানা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটছিলেন। এ সময় শ্রমিক হিসেবে কর্মরত রফিকুল ইসলাম কোদাল দিয়ে মাটিতে আঘাত করতেই মাটির নিতে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়। এতে রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় পাশে থাকা শ্রমিক কামরুল হাসানও ডান পায়ে জখম হন। স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত আহত দুই শ্রমিককে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে।

কালিগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “পুরনো ভবন ভাঙার কাজ চলাকালীন দুপুরে হঠাৎ বিকট শব্দ হয়। পরে জানতে পারি ককটেল জাতীয় কোনো বস্তুর বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। মাটির নিচে কীভাবে পরিত্যক্ত ককটেল এল, তদন্ত করে দেখা হচ্ছে।”