পুরান ঢাকার ধোলাইখাল ট্রাক স্ট্যান্ডসংলগ্ন সড়ক বিভাজকের একটি অংশ ধসে যাওয়ার পর নিরাপত্তার স্বার্থে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ব্যারিকেড দিয়ে এলাকা ঘিরে রেখেছে। তবে রোববার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কোনো সংস্কারকাজ শুরু হতে দেখা যায়নি।
বিকেলে ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক বিভাজকের নিচ দিয়ে যাওয়া একটি গভীর ড্রেনের ওপরের অংশ ধসে পড়ায় সেখানে বড় ধরনের ফাঁকা তৈরি হয়েছে। ধসে যাওয়া অংশের নিচ দিয়ে পানি প্রবাহিত হতে দেখা যায়। ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক / পুড়িয়ে দেওয়া হলো সড়ক বিভাজকের কয়েকশ গাছ
ট্রাকচালক মনিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিকেলের আগে হঠাৎ করেই মাটি সরে গিয়ে এমন গর্ত দেখা যায়। নিচ দিয়ে পানি প্রবাহিত হওয়ায় মনে হচ্ছে এটি বড় একটি ড্রেনের অংশ। এতে সড়কে ভারী যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সড়ক বিভাজকের নিচ দিয়ে যাওয়া একটি গভীর ড্রেনের ওপরের অংশ ধসে পড়েছে/ছবি: জাগো নিউজ
ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্য সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, হঠাৎ করেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। নিরাপত্তার স্বার্থে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। দ্রুত পরিস্থিতি নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
ইডেন কলেজের সামনে গাছ উপড়ে সড়ক বন্ধ
এর আগে বিকেলে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে সড়ক বিভাজকের নিচে ফাঁকা সৃষ্টি এবং সেখানে পানি প্রবাহিত হতে দেখা যায়। ভিডিওটি স্থানীয় এক সমাজসেবী জাগো নিউজকে পাঠান। পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি জানান, বিষয়টি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্বশীল এক প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও তিনি দাবি করেন।
তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। একই সময়ে ঘটনাস্থলেও কোনো সংস্কার কার্যক্রম শুরু হতে দেখা যায়নি।
এমডিএএ/এমএমকে








