চট্টগ্রামে চলমান বন্যা পরিস্থিতিতে মানুষের জীবন ও নিরাপত্তাকেই প্রথম অগ্রাধিকার বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
রোববার (১২ জুলাই) চট্টগ্রামে মৌসুমের সর্বোচ্চ ও রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
চসিক ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে নগরের সিএন্ডবি, টেকবাজার, কাপ্তাই রাস্তার মাথা, মোহরাসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন মেয়র। এসময় তিনি জলাবদ্ধতাকবলিত এলাকা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।
ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন বলেন, অস্বাভাবিক ও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামো সংস্কারের কাজ শুরু করা হবে।
তিনি বলেন, বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই আমরা মাঠে রয়েছি। পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম সিটি করপোরেশন, সিডিএ, চট্টগ্রাম ওয়াসা, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে সমন্বয় সভা করেছি এবং মাঠপর্যায়ে সার্বক্ষণিক তদারকি করছি।
মেয়র আরও বলেন, কোথায় পানি জমে আছে, কোন এলাকায় জলাবদ্ধতা বেশি এবং কীভাবে দ্রুত পানি নিষ্কাশন করে মানুষের দুর্ভোগ কমানো যায়, এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একযোগে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, আমাদের প্রথম অগ্রাধিকার মানুষের জীবন, নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা। পানিবন্দি মানুষকে উদ্ধার, আশ্রয়কেন্দ্রে সহায়তা, রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সব সংস্থা কাজ করছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় পরিচালিত ত্রাণ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে চাল, ডাল, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও অন্যান্য জরুরি সামগ্রী তুলে দেওয়া হয়। শিশু, নারী, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে মানবিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে।
এসময় রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ এবং জরুরি সেবায় অংশ নেন।
পরিদর্শনকালে মেয়র সংশ্লিষ্ট প্রকৌশলীদের ক্ষতিগ্রস্ত এলাকার পানি দ্রুত নিষ্কাশন, খাল-নালা সচল রাখা, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার এবং জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে সব সংস্থার সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়ে যাবে।
এমআরএএইচ/এমকেআর








