ময়মনসিংহের তারাকান্দায় মোটরসাইকেল আটকে চাচা আক্রাম মিয়াকে (৪৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ভাতিজার বিরূদ্ধে।
রবিবার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের জব্বারের বাড়ির সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
আক্রাম মিয়া তারাকান্দার বিষকা ইউনিয়নের নগুয়া গ্রামের ওসমান গণির ছেলে। অভিযুক্ত আলামিন নিহতের ভাতিজা। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আক্রাম হোসেনের সঙ্গে ভাতিজা আলামিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকটি সালিশ হয়েছে। তবে, মীমাংসা হয়নি। ঘটনার দিন আক্রাম মামলা করতে ময়মনসিংহে যাচ্ছিলেন। পথে রামপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের জব্বারের বাড়ির সামনে ভাতিজা আলামিন লোককজন নিয়ে চাচা আক্রাম মিয়ার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আলামিন কোমর থেকে ছুরি বের করে চাচা আক্রামের বুকের পাশে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আক্রাম মিয়া মারা যান। পরে স্থানীয়রা তারাকান্দা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি মো. আব্দুর রাশিদ বলেছেন, “ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”








