সড়কে বিভিন্ন রুটে শ্রমিক দল নেতার চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে সৈয়দপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নীলফামারী জেলা বাস-ট্রাক-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

রোববার (১২ জুলাই) দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে দেড় ঘণ্টাব্যাপি সড়ক অবরোধ করে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন উপজেলার দুই শতাধিক পরিবহন শ্রমিক অংশ নেয়। এ সময় সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। দেড় ঘণ্টা পর শ্রমিকরা সরে দাঁড়ালে যান চলাচল স্বাভাবিক হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নীলফামারী জেলার জাতীয়তাবাদী শ্রমিকদল নেতা নুর আলমের নেতৃত্বে অশ্রমিকদের নিয়ে নীলফামারী জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের নামে একটি ভুঁইফোড় সংগঠন করা হয়েছে। সংগঠনটি বিভিন্ন কাউন্টার, স্ট্যান্ড ও রুটে জোরপূর্বক চাঁদা আদায় করছে। পাশাপাশি অনুমোদন ছাড়াই বিভিন্ন উপজেলায় উপ-কমিটি গঠন করে পরিবহন শ্রমিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে।

তারা আরও বলেন, বিষয়টি নিয়ে এর আগেও একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সর্বশেষ গত ৩০ মার্চ, ১৭ মে ও ৭ জুলাই পৃথক অভিযোগ জমা দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে অভিযুক্ত নুর আলম বলেন, সংগঠনটি শ্রমিক ইউনিয়ন হলে নামে একটু ভিন্নতা আছে। আমাদের সংগঠনের নাম বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়ন। সরকারি রেজিস্ট্রেশন নিয়েই সংগঠনি পরিচালনা করছি।

নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারশনের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি দেলোওয়ার হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল গণি ইসরাইল প্রমুখ।

আমিরুল হক/এএইচ