রাজধানীতে দুই দফা জানাজা শেষে সংসদ ভবন চত্বরে সমাহিত হলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ধানমন্ডি ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এই স্পিকারের দুই দফা জানাজা শেষে সংসদ ভবন চত্বরে দাফন সম্পন্ন হয়।
আজ রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজায় অংশগ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ মন্ত্রিসভার সদস্যসহ দলের শীর্ষ নেতারা। এ ছাড়া অন্যান্য রাজনৈতিক নেতারাও শরিক হন।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে রোববার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের ওপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে এক মিনিট নীরবতা পালন, মোনাজাত এবং তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দিনের বাকি কার্যসূচি স্থগিত করা হয়।
সংসদে শোক আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জমির উদ্দিন সরকার ছাত্রজীবনে বাম রাজনীতি করলেও পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতিতে আকৃষ্ট হয়ে বিএনপিতে যোগ দেন। তিনি সব সময় বলতেন—ইলেকশন ছাড়া কখনো গণতন্ত্রে পৌঁছানো যায় না।’
সমাপনী বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘জাতি এক মহান রাজনীতিক, প্রখ্যাত আইনজ্ঞ এবং সাদা মনের মানুষকে হারালো।’
মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব এএসএম বাহাউদ্দিন, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ ও অন্যান্য হুইপবৃন্দ এবং সংসদ সচিবালয়ের পক্ষে ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া ও কর্মকর্তাবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং জানাজা শেষে জাতীয় সংসদ চত্বরের নির্ধারিত স্থানে তাঁকে সমাহিত করা হয়।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার স্মরণে আজ রোববার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল ও হাইকোর্ট বিভাগ) কার্যক্রম দ্বিতীয় ভাগে (অর্ধবেলা) বন্ধ রাখা হয়। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এদিন আপিল বিভাগের চেম্বার কোর্টের কার্যক্রমও স্থগিত ছিল।
এদিকে দলের অন্যতম শীর্ষ নেতার মৃত্যুতে আগামীকাল সোমবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশব্যাপী একদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ দিন ঢাকাসহ সারা দেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন।
আরও পড়ুন—








