রোদেলা সকালে দিন শুরু। আষাঢ়ের ১৪ তারিখ আজ। অথচ বেশ কদিন ধরেই নেই বৃষ্টির দেখা। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রোববার (২৮ জুন) ঢাকায় বৃষ্টির দেখা মিলতে পারে। বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও বুলেটিনে জানানো হয়েছে। এ সময় তাপমাত্রাও সামান্য কমতে পারে।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঢাকায় আজ দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে।

বুলেটিনে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আর গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।