ঝিনাইদহের কোটচাঁদপুরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আরিফ শেখ (৪৮) নামে রএক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের নওদাগা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ শেখ কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সবদুল শেখের ছেলে।
আরও পড়ুন
শখ থেকে ব্যবসা, পুরোনো মোটরসাইকেলে বিক্রি করেই সফল রাসেল
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ শেখ মোটরসাইকেলযোগে কোটচাঁদপুর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে নওদাগা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা শাপলা পরিবহনের ‘সাগরিকা’ নামে একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর ঘাতক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি অটোভ্যানকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আরও পড়ুন
ভিডিও ভাইরাল / মোটরসাইকেল নিয়ে পালাতে গিয়ে দুর্ঘটনা, ডিগবাজি খেয়ে ছিটকে পড়লো চোর
ভ্যানচালক গোলাপ মণ্ডল জানান, তিনি রাস্তার পাশে নিজের ভ্যানের ওপর বসে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে কিছু বুঝে ওঠার আগেই বাসটি তার ভ্যানকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় তিনি সড়কে ছিটকে পড়ে আহত হন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এম শাহাজান/এসআর/জেআইএম








