ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে আরিফ শেখ (৪৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের নওদাগা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ শেখ কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সবদুল শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আরিফ শেখ মোটরসাইকেলে কোটচাঁদপুর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নওদাগা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা শাপলা পরিবহনের ‘সাগরিকা’ নামের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার পর ঘাতক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।
ভ্যানচালক গোলাপ মণ্ডল জানান, তিনি রাস্তার পাশে নিজের ভ্যানের ওপর বসে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনতে পান। কিছু বুঝে ওঠার আগেই একটি বাস তার ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কে ছিটকে পড়ে আহত হন তিনি।
কোটচাঁদপুর থানার ওসি আনসারুল্লাহ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।








