রাজধানীর মোহাম্মদপুরের একটি তিনতলা বাসার ছাদে ফুলের টবে পানি দেওয়ার সময় নিচে পড়ে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে চন্দ্রিমা মডেল টাউনের একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত ওই নিরাপত্তাকর্মীর নাম মো. সুরুজ শেখ (৪০)।

নিহত সুরুজের ভাতিজা মোহাম্মদ বাবু বলেন, আমার চাচা ওই বাসার নিরাপত্তাকর্মী ছিলেন। আজ সকালে ছাদে টবে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমার চাচা ও আমাদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাজুয়াবটেক গ্রামে। আমার চাচার বাবার নাম মৃত ভাদুরী শেখ। তার তিন ছেলেমেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

কেএজেডআইএ/বিএ