প্রয়াত পপসম্রাট ‘মাইকেল জ্যাকসন’-এর জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ বিশ্বজুড়ে বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। ছবিটি এখন পর্যন্ত আয় করেছে ৯৭ কোটি ৭০ লাখ ডলার, যা দিয়ে এটি বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী বায়োপিকের স্বীকৃতি পেয়েছে।

এর আগে এই রেকর্ড ছিল ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘ওপেনহেইমার’-এর দখলে। পরমাণু বোমার জনক জে রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী আয় করেছিল ৯৭ কোটি ৫০ লাখ ডলার।

‘বোহেমিয়ান র‍্যাপসোডি’কেও আগেই ছাড়িয়েছে
‘মাইকেল’ শুধু ‘ওপেনহেইমার’ নয়, সংগীতশিল্পীদের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্রের মধ্যেও সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। এর আগে সেই অবস্থানে ছিল ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’। আলোচিত ব্রিটিশ ব্যান্ড কুইনের প্রধান কণ্ঠশিল্পী ফ্রেডি মার্কারিকে নিয়ে নির্মিত ছবিটির বৈশ্বিক আয় ছিল ৯১ কোটি ১০ লাখ ডলার।

বিদেশের বাজারেই সবচেয়ে বেশি সাফল্য
এপ্রিল মাসে মুক্তির পর থেকে ‘মাইকেল’ উত্তর আমেরিকায় আয় করেছে ৩৭ কোটি ২০ লাখ ডলার। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৬০ কোটি ৭২ লাখ ডলার।
মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি যুক্তরাষ্ট্রে ৯ কোটি ৭০ লাখ ডলার এবং বিশ্বব্যাপী ২১ কোটি ৭০ লাখ ডলার আয় করে। এর মাধ্যমে সংগীতভিত্তিক বায়োপিকের উদ্বোধনী সপ্তাহেরও নতুন রেকর্ড গড়ে ছবিটি। আগে এই রেকর্ড ছিল ‘স্ট্রেইট আউটা কম্পটন’–এর, যার উদ্বোধনী আয় ছিল ছয় কোটি ডলার।

‘মাইকেল’ সিনেমার পোস্টার। আইএমডিবি

ভাতিজার অভিনয়ে মাইকেল
ছবিটি পরিচালনা করেছেন অ্যান্টনি ফুকুয়া। এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁর বাস্তব জীবনের ভাতিজা জাফর জ্যাকসন। এটিই তাঁর অভিনয়ে অভিষেক। ছবিতে মাইকেলের শৈশব, ‘দ্য জ্যাকসন ৫’–এর সদস্য হিসেবে তাঁর উত্থান এবং পরবর্তীকালে ‘কিং অব পপ’ হয়ে ওঠার যাত্রা তুলে ধরা হয়েছে।

সমালোচনাও আছে
ব্যবসায়িক সাফল্য পেলেও ছবিটি সমালোচনার মুখেও পড়েছে। অনেক সমালোচকের অভিযোগ, মাইকেল জ্যাকসনের জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায়—তাঁর বিরুদ্ধে ওঠা শিশু যৌন নির্যাতনের অভিযোগ ছবিতে দেখানো হয়নি। ফলে অনেকের মতে, চলচ্চিত্রটি তাঁর জীবনের একটি ‘পরিশোধিত’ বা বিতর্কমুক্ত সংস্করণ তুলে ধরেছে।
তবে নির্মাতারা প্রচারণায় গুরুত্ব দিয়েছেন মাইকেলের কিংবদন্তি মঞ্চপরিবেশনা, জনপ্রিয় গান এবং মিউজিক ভিডিওর নিখুঁত পুনর্নির্মাণে। দর্শকের ইতিবাচক সাড়া ও মুখে মুখে প্রচার এবং বারবার সিনেমা হলে ফিরে আসার প্রবণতাও ছবিটির দীর্ঘমেয়াদি সাফল্যে বড় ভূমিকা রেখেছে।

সব রেকর্ড ভেঙে দিল মাইকেল জ্যাকসনের বায়োপিক

লায়ন্সগেটের ইতিহাসেও সর্বোচ্চ আয়
‘মাইকেল’ এখন প্রযোজনা সংস্থা লায়ন্সগেট স্টুডিওর ইতিহাসেও সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। এর আগে এই রেকর্ড ছিল ‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’–এর, যার বৈশ্বিক আয় ছিল ৮৬ কোটি ৫০ লাখ ডলার।
বক্স অফিসে এই অভাবনীয় সাফল্যের পর স্টুডিও ইতিমধ্যেই মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে অন্তত আরও একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছে বলে জানা গেছে।

ভ্যারাইটি অবলম্বনে