জন্মদিন উদযাপন করতে দুবাই গিয়েছিলেন ভারতীয় অভিনেত্রী জেসমিন ভাসিন। তবে আনন্দঘন সেই সফরই মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হয়। গুরুতর সংক্রমণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। বিষয়টি জানিয়ে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তার প্রেমিক, অভিনেতা আলি গনি।
হাসপাতাল থেকে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার আলি গনি। একটি ছবিতে হাসপাতালের শয্যায় শুয়ে থাকা জেসমিনকে জড়িয়ে ধরে থাকতে দেখা যায় তাকে। আরেকটি ছবিতে হুইলচেয়ারে বসে আছেন অভিনেত্রী। হাসপাতালের ভেতরেই জন্মদিনের কেক কাটার একটি ভিডিও প্রকাশ করেছেন আলি।
ছবিগুলোর সঙ্গে আবেগঘন এক বার্তায় আলি গনি লেখেন, “শুভ জন্মদিন, জেসমিন। তোমার জন্মদিন উদযাপন করতে আমরা দুবাইয়ে এসেছিলাম। কিন্তু জীবন আমাদের জন্য অন্য কিছু ঠিক করে রেখেছিল। জন্মদিনের আনন্দের মুহূর্ত কাটানোর বদলে এখন আমরা হাসপাতালের একটি কক্ষে আছি। তোমাকে কষ্ট পেতে দেখা এই সফরের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা। তোমাকে আবার সুস্থ ও হাসিখুশি দেখতে পারলে সব ধরনের উদযাপন ছেড়ে দিতেও রাজি।”
জেসমিনের সুস্থতা কামনা করে আলি গনি লেখেন, “আল্লাহ তোমাকে অফুরন্ত সুখ, সুস্বাস্থ্য, ভালোবাসা ও সাফল্য দান করুন। তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো—এটাই জন্মদিনের একমাত্র প্রার্থনা আমার। শুভ জন্মদিন। সবসময় ভালোবাসি।”
পরে ইনস্টাগ্রাম স্টোরিতে জেসমিনের শারীরিক অবস্থার আপডেট তথ্য জানিয়ে আলি গনি লেখেন, “যারা আমাকে বার্তা পাঠিয়েছেন, ফোন করেছেন, ভালোবাসা, দোয়া ও শুভকামনা জানিয়েছেন, সবাইকে ধন্যবাদ। জন্মদিন পালন করতে এসে দুবাইতে হঠাৎ করেই জেসমিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ কারণে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গত কয়েকটি দিন আমাদের জন্য খুবই কঠিন এবং আবেগের ছিল।”
জেসমিন ভাসিন ও আলি গনি
দুঃখ প্রকাশ করে আলি গনি লেখেন, “সবার বার্তার উত্তর দিতে বা ফোন ধরতে পারিনি, সে জন্য দুঃখিত। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ জেসমিনের পাশে থাকা। সে ভালো চিকিৎসাসেবা পাচ্ছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। সবাই তার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, খুব শিগগির সে আবার হাসিমুখে ফিরে আসবে।”
প্রসঙ্গত, রিয়েলিটি শো ‘খতরো কে খিলাড়ি’-তে অংশ নেওয়ার সময় জেসমিন ভাসিন ও আলি গনির পরিচয় হয়। তাদের প্রেম নিয়ে দীর্ঘদিন চর্চা চললেও নিজেদের ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করেছিলেন। পরে ‘বিগ বস ১৪’-তে অংশ নেওয়ার সময় আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেন তারা।
*দ্য ফ্রি প্রেস জার্নাল অবলম্বনে








