দেশজুড়ে প্রশংসিত হচ্ছে ‘শাটিকাপ’খ্যাত নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন ও বন্যা-পরবর্তী এক বিচ্ছিন্ন গ্রামীণ জনপদের গল্প নিয়ে নির্মিত ছবিটি এবার প্রশংসা কুড়িয়েছে বলিউডের খ্যাতিমান নির্মাতা অনুরাগ কাশ্যপের।

সিনেমাটি দেখার পর চলচ্চিত্রপ্রেমীদের জনপ্রিয় রিভিউ প্ল্যাটফর্ম লেটারবক্সডে নিজের অনুভূতি প্রকাশ করেন অনুরাগ কাশ্যপ।

সেখানে তিনি লেখেন, ‘বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর বন্যায় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ‘দেলুপি’ গ্রামের তৃণমূলের ক্ষমতার লড়াই এই সিনেমায় দারুণভাবে উঠে এসেছে। এটি ভীষণ মানবিক এবং আমাদের নিজেদের চেনা বাস্তবতার মতো মনে হয়েছে। আমার দারুণ লেগেছে।’

আরেকটি মন্তব্যে তিনি লেখেন, ‘এখানকার একটি ছোট গ্রাম যেন পুরো দেশেরই প্রতিচ্ছবি হয়ে উঠেছে। কোনো সম্পদ ছাড়াই গ্রামের মানুষের বাঁধ পুনর্নির্মাণের চেষ্টা যেন শূন্য থেকে নতুন করে একটি দেশ গড়ে তোলার প্রতীক। সিনেমাটি আমাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।’

অনুরাগ কাশ্যপের এমন প্রশংসায় আনন্দ প্রকাশ করেছেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। তিনি বলেন, ‘অনুরাগ কাশ্যপের মতো একজন নির্মাতা ‘দেলুপি’ দেখেছেন এবং ছবিটি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। নিজের নির্মাণ নিয়ে প্রিয় পরিচালকের এমন মূল্যায়ন নিঃসন্দেহে অনেক বড় প্রাপ্তি।’

দেশের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে ‘দেলুপি’। মাটি ও মানুষের গল্প, বাস্তবধর্মী অভিনয় এবং রূপকধর্মী নির্মাণশৈলীর জন্য ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।

 

এলআইএ