ছোটপর্দার অভিনেত্রী নাজনীন নীহার বাগদানের খবর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মূলত, ফেসবুক প্রোফাইলে ‘এনগেজড’ স্ট্যাটাস দেওয়ার পর নেটিজেনরা ধরে নেন—গোপনে বাগদান সেরেছেন এই অভিনেত্রী। অন্যদিকে, তার মুঠোফোনেও পাওয়া যাচ্ছিল না। ফলে রহস্য আরো ঘনীভূত হতে থাকে।
অপেক্ষার অবসান ঘটিয়ে বিষয়টি নিয়ে নীরবতা ভেঙেছেন নাজনীন নীহা। জানালেন, বাগদান নয়, প্রেম করছেন তিনি। কেবল তাই নয়, ইনস্টাগ্রাম স্টোরিতে প্রেমিকের সঙ্গে তোলা ছবিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
নাজনীন নীহা
ফেসবুকে ‘এনগেজড’ লেখার বিষয়ে নাজনীন নীহা বলেন, “আমি কিন্তু কোথাও বাগদানের কথা বলিনি। শুধু লিখেছি, ‘এনগেজড’। এর মানে আমি এখন আর সিঙ্গেল না। কারো সঙ্গে সম্পর্কে আছি। বাকিটা সময় হলে সবাই জানতে পারবেন।”
ফেসবুকে ‘এনগেজড’ লেখার কারণ ব্যাখ্যা করে নাজনীন নীহা বলেন, “আমি আমার জায়গা থেকে অনেস্ট থাকতে পছন্দ করি। ফেসবুকে এনগেজড লেখার অর্থ হচ্ছে, আমি এখন আর সিঙ্গেল না। কোনো না কোনোভাবে আমি একটি সম্পর্কে জড়িয়েছি। এই তথ্যটা লুকিয়ে রাখতে চাইনি বলেই নিজে থেকেই জানিয়েছি।”
নাজনীন নীহা
নাজনীন নীহা তার ইনস্টাগ্রাম স্টোরিতে এক যুবকের সঙ্গে তোলা একটি ছবির কোলাজ প্রকাশ করেছেন। তাতে দেখা যায়, মাথায় মাথা ঠেকিয়ে হাসছেন তারা। ছবির যুবকটি শোবিজ অঙ্গেনের পরিচিত কেউ নন।
প্রেম করছেন, তা স্বীকার করলেও প্রেমিকের নাম-পরিচয় জানাতে নারাজ নাজনীন নীহা। আপাতত বিষয়টি রহস্যই রাখতে চান। নীহা বলেন, “উপযুক্ত সময় এলেই পরিচয় সবার সামনে আনব। সম্পর্ক নিয়ে এর বেশি কিছু এখন বলতে চাই না।”
প্রেমিকের সঙ্গে নাজনীন নীহা
এবারই প্রথম নয়, চলতি বছরের ফেব্রুয়ারিতেও ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের ছবি পোস্ট করে বিয়ের গুঞ্জনের জন্ম দিয়েছিলেন নাজনীন নীহা। পরে জোর আলোচনার মাঝে তিনি জানান, এটি একটি নাটকের প্রচারের অংশ।








