বাংলাদেশ সরকার শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের উপহাইকমিশনের মাধ্যমে ৫০০ কেজি আম পাঠিয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমের চালানটি ভারতে পাঠানো হয়। কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রতিনিধির কাছে এসব আম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো আমের মধ্যে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় আম্রপালি ও হাঁড়িভাঙা জাতের। জানা গেছে, কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের জন্য ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি আম পাঠানো হয়েছে।

বেনাপোলের একটি সূত্র জানিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য ১০০ কেজি আম বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৪০০ কেজি আম পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।

বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক মো. আবু তালহা প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১০০টি কার্টনের মধ্যে ৫০০ কেজি আম ভারতের উপহাইকমিশনারের কাছে পাঠানো হয়েছে। এ–সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে বলা আছে, আমগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন বুদ্ধিজীবীসহ গণ্যমান্য ব্যক্তির কাছে পাঠাবেন উপহাইকমিশনার।’

উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের সূত্র জানায়, প্রতিবছরের মতো এবারও ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের উন্নত মানের আম্রপালি ও হাঁড়িভাঙা জাতের ৫০০ কেজি আম উপহার হিসেবে পাঠানো হয়েছে। বাংলাদেশের এই ‘ম্যাঙ্গো ডিপ্লোমেসি’ দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রতীক হিসেবে বিবেচিত হবে।