বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল (দক্ষিণ কান্দি) গ্রামে জনসাধারণের চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের ওপর হামলা, মারধর ও নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ভুক্তভোগী সাবুল আহমদ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলো- প্রতিবেশী আব্দুল নূর, আব্দুল বাছিত ও তাদের সহযোগীরা। জানা গেছে, ২৯ জুন দুপুরে ভুক্তভোগী সাবুল আহমদের পরিবারের দীর্ঘ তিন দশকের ব্যবহৃত সাধারণ চলাচলের রাস্তাটি প্রতিবেশী আব্দুল নূর সহযোগীদের নিয়ে বাঁশের বেড়া দিয়ে সম্পূর্ণ বন্ধ করে দেয়। কারণ জানতে চাইলে আব্দুন নুর গংরা ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে সাবুল আহমদ ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় সাবুল আহমদের বোন বাধা দিতে গেলে তাকে মারধরের করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং শ্লীলতাহানি ঘটায়। সাবুল আহমদ জানান, থানায় অভিযোগের পর তারা উল্টো আমাদের বিরুদ্ধে মামলা করে হয়রানি করছে। ওসি মো. মনিরুজ্জামান খান জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগটি সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।