জমকালো আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শুরু হয়েছে ‘শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’। জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে নীরবতা পালন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
রবিবার (৫ জুলাই) সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন, জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ৩৬ সেকেন্ড নীরবতা পালন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী শহীদ আবু সাঈদসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “আমার তত্ত্বাবধানে দ্বিতীয়বারের মতো এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ আবু সাঈদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। এবারের আসরে ছেলেদের ২২টি বিভাগ এবং মেয়েদের ৪টি বিভাগের মধ্যকার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আমাদের গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলোর প্রচলন বর্তমানে কমে গেলেও ফুটবল কিন্তু সবসময়ই আমাদের মাঝে জনপ্রিয়। আমরা শহীদ আবু সাঈদকে বুকে ধারণ করে সফলভাবে এই টুর্নামেন্ট সম্পন্ন করব—এটাই প্রত্যাশা।”
আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার ভাইয়ের স্মরণে যে আয়োজন করছে, এর জন্য তাদেরকে স্বাগতম জানাই। আবু সাঈদসহ সব শহীদের নাম যুগে যুগে লালিত হবে, তাদের স্মরণ করা হবে; এটাই আমাদের প্রত্যাশা।”
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ফেরদৌস রহমান বলেন, “২৪-এর গণআন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। আপনারা জানেন, দীর্ঘদিন আমাদের বিশ্ববিদ্যালয়ে সব ধরনের টুর্নামেন্ট বন্ধ ছিল। মাননীয় উপাচার্য স্যারের আন্তরিক হস্তক্ষেপে আমরা পুনরায় এই টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি।”
এছাড়া, তিনি সবাইকে শিক্ষাসুলভ ও খেলাসুলভ আচরণ বজায় রাখার আহ্বান জানান, যাতে আন্তঃবিভাগীয় সম্পর্ক আরো উন্নত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ফেরদৌস রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর আহ্বায়ক মো. ইসমাইল হোসেন।








