বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, ভৈরব শহরকে নদীভাঙন থেকে রক্ষা করতে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হবে। সেইজন্যই সংসদ অধিবেশন ও প্রধানমন্ত্রীর নিকট নদী ভাঙন রোধে প্রকল্পের দাবি করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে ভৈরবের মেঘনায় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ কার্যক্রম পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।
মো. শরীফুল আলম বলেন, রাষ্ট্রের অর্থনীতির অবস্থা আপনারা সবাই জানেন- গত ১৭ বছরে দেশে যে পরিমাণ লুটপাট, মেগা প্রকল্পের নামের যে হরিলুট হয়েছে। এই কারণের, রাষ্ট্রের ভঙ্গুর অর্থনীতির অবস্থার মধ্যে থেকেও আমরা মানুষের জনগুরুত্বপূর্ণ সমস্যাকে গুরুত্ব দিয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। আমার এই ভৈরবের মতো অনেক জায়গাই নামে মাত্র টাকা বরাদ্দ হয়েছে টেন্ডার উন্নয়ন হয়েছে, আসলে জনগণের জন্য সুফল আসেনি। তবে আমরা এবছর এই বাজেটের মধ্যে যে বাজেট রয়েছে। ভৈরবের শহর রক্ষার বাঁধের জন্য ছোট করে হলেও প্রকল্প গ্রহণ করা হবে।
এছাড়াও ভৈরব বাজার লঞ্চঘাটে নবনির্মিত পন্টুন পরিদর্শন করেন। এরপর নৌকা যোগে ভৈরবের মেঘনা নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের আপদকালীন জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম পরিদর্শন করেন। পরে নবনির্মিত ভৈরব মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন শেষে এটি চালু করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ্বস্ত করেন তিনি।
বিকাল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তার আওতায় সুবিধাভোগীদের মধ্যে চেক বিতরণ ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন প্রণোদনা বিতরণ ও গজারিয়া ইউনিয়নে ভৈরব উপজেলা প্রশাসন আয়োজিত মাদক প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
এসময় বিভিন্ন কার্যক্রমে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনুর রশীদ, আশুগঞ্জ-ভৈরব বাজার নদী বন্দর ও পরিবহন বিভাগ উপ-পরিচালক মো.নাহিদ হোসেন , যুগ্ম পরিচালক (চলতি দায়িত্ব) মো.জসিম উদ্দিন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো.রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সহ-সভাপতি মারুকী শাহীন, যুগ্ম সাধার সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি সাইফুল হক ও মো. নুরুজ্জামান প্রমুখ।
রাজীবুল হাসান/এনএইচআর/এএসএম








