রাজধানীর ইসিবি চত্বর ও আশপাশের সড়কে যানজট নিরসনে পরীক্ষামূলকভাবে নতুন একটি ইউ-টার্ন চালু করেছে ট্রাফিক গুলশান বিভাগ। ইসিবি চত্বর সংলগ্ন দুটি ইউ-টার্ন আপাতত বন্ধ থাকবে।
সোমবার (৬ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ইউ-টার্নটি পরীক্ষামূলকভাবে চালু থাকায় বাস ও অন্যান্য ভারী যানবাহনকে কালশি ইউ-টার্ন ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। এছাড়া ইসিবি চত্বর সংলগ্ন দুটি ইউ-টার্ন বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, কালশি-মানিকদি দিক থেকে আগত যানবাহনকে মাটিকাটা ইউ-টার্ন ব্যবহার করতে হবে। অন্যদিকে বনানী ও মাটিকাটা দিক থেকে আসা হালকা যানবাহন নতুন নির্মিত ইউ-টার্নটি ব্যবহার করা যাবে।
ট্রাফিক গুলশান বিভাগ সব চালক ও যাত্রীকে ট্রাফিক নির্দেশনা মেনে নির্ধারিত ইউ-টার্ন ব্যবহারের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পথচারীদের নিরাপদ চলাচলের স্বার্থে ফুটওভার ব্রিজ ও ফুটপাত ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
টিটি/এমআইএইচএস








