জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’ মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ঈদে মুক্তিপ্রাপ্ত সাইফ চন্দন পরিচালিত এ সিনেমায় মিমের অভিনয় দর্শকমহলে ইতিবাচক সাড়া ফেলে। এরই ধারাবাহিকতায় বাবা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া কাজী আসাদ পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’-এও নতুনভাবে দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি। ওয়েব ফিল্মটিতে নিজের চরিত্রে অভিনয় করে আবারও প্রশংসা কুড়িয়েছেন মিম।দর্শকদের অনেকেই বলছেন, অভিনয়ে তিনি আগের চেয়ে আরও পরিণত ও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। ‘লাইফলাইন’-এ মিমের বাবার চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা খায়রুল আলম সবুজ। দীর্ঘদিন পর তাকে পর্দায় দেখে দর্শকরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পরপর দুটি কাজের ইতিবাচক সাড়া নিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, “‘মালিক’ সিনেমাটি নিয়ে শুরু থেকেই আমার প্রত্যাশা ছিল, দর্শকদের ভালো লাগবে। মুক্তির পর কয়েকদিন বিভিন্ন হলে গিয়ে দর্শকদের প্রতিক্রিয়া খুব কাছ থেকে দেখেছি। তাদের ভালোবাসা আমাকে ভীষণ আনন্দ দিয়েছে। এরপর ‘লাইফলাইন’ মুক্তির পরও বিভিন্ন মাধ্যমে দারুণ সাড়া পেয়েছি। পরপর দুটি কাজের জন্য এত ভালোবাসা ও প্রশংসা আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে।”
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “অভিনয়ই আমার পেশা। তাই নিজেকে সবসময় ফিট রেখে ভালো চরিত্রের জন্য প্রস্তুত রাখি। নিয়মিত সিনেমা, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজে কাজের প্রস্তাব পাচ্ছি। তবে আমি এমন গল্পেই কাজ করতে চাই, যা আমার মন ছুঁয়ে যাবে এবং দর্শকের কাছেও বিশেষ হয়ে উঠবে যেমন ‘পরাণ’, ‘মালিক’ ও ‘লাইফলাইন’ হয়েছে।”








