কিশোরগঞ্জের ভৈরবে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাগানো আগুনে অল্পের জন্য রক্ষা পেয়েছে আশপাশের দোকানপাট এবং বিদ্যুতের ৩৩ কেভি ও ২২০ কেভি সঞ্চালন লাইন। এ সময় আগুনের ঘন ধোঁয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের একটি অংশ ঢেকে গেলে কিছু সময় যান চলাচলও ব্যাহত হয়।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ভৈরব পৌর শহরের মধ্য ভৈরবপুর এলাকার নাটালের মোড়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহাসড়কের পাশে ভাঙারির খালি বোতল ও ময়লার স্তূপে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে যায়। মহাসড়ক-সংলগ্ন হওয়ায় ধোঁয়ার কারণে যান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়।

প্রথমে স্থানীয় বাসিন্দারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সফল হননি। পরে খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আগুনের পাশে থাকা একটি ছোট দেয়াল আগুনকে আশপাশের দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা করে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। একই সঙ্গে আগুনের তাপ থেকে অল্পের জন্য রক্ষা পায় ওই এলাকার ওপর দিয়ে যাওয়া ৩৩ কেভি ও ২২০ কেভি বিদ্যুৎ-সঞ্চালন লাইন।

এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মহাসড়কের পাশে এভাবে দাহ্য বর্জ্য ফেলে রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।