এইচএসসি পরীক্ষা শুধু একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় নয়, পুরো পরিবারের জন্যও এটি এক ধরনের পরীক্ষার সময়। এ সময় একজন পরীক্ষার্থীর পড়াশোনা, বিশ্রাম, ঘুম, খাবার-সবকিছুর ওপরই পরিবারের পরিবেশের প্রভাব পড়ে।
অনেক সময় দেখা যায়, অভিভাবকরা সন্তানের ভালো ফলের আশায় নানা ধরনের চাপ তৈরি করেন। আবার পরিবারের অন্য সদস্যদের অসচেতন আচরণও পরীক্ষার্থীর মনোযোগে ব্যাঘাত ঘটায়।
বিশেষজ্ঞদের মতে, পরীক্ষার এই কয়েক সপ্তাহে শিক্ষার্থীর সবচেয়ে বেশি প্রয়োজন একটি শান্ত, ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ পারিবারিক পরিবেশ। কারণ মানসিক চাপ যত কম থাকবে, শেখা বিষয় মনে রাখা এবং পরীক্ষার হলে তা কাজে লাগানোর সক্ষমতাও তত বাড়বে।
আরও পড়ুন
পরীক্ষার হলে নার্ভাস লাগলে কী করবেন?
ঘরে থাকুক শান্ত পরিবেশ
পরীক্ষার সময় ঘরে অযথা উচ্চস্বরে টেলিভিশন চালানো, জোরে গান শোনা কিংবা হৈচৈ করা থেকে বিরত থাকুন। পরিবারের অন্য সদস্যদেরও বিষয়টি সম্পর্কে সচেতন করুন। সব সময় একেবারে নীরব পরিবেশ প্রয়োজন না হলেও এমন পরিবেশ থাকা উচিত, যেখানে পরীক্ষার্থী মনোযোগ ধরে রাখতে পারে।
পরীক্ষাকে পরিবারের একমাত্র আলোচনার বিষয় বানাবেন না
সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যদি শুধু পরীক্ষা, নম্বর, ফলাফল কিংবা ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়, তাহলে তা শিক্ষার্থীর ওপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি করতে পারে। পরীক্ষার বাইরে পরিবারের অন্য বিষয়েও স্বাভাবিকভাবে কথা বলুন। একসঙ্গে চা পান করুন, হালকা গল্প করুন কিংবা কয়েক মিনিট হাসিখুশি সময় কাটান। এতে মানসিক চাপ অনেকটাই কমে যায়।
তুলনা নয়, দিন উৎসাহ
‘পাশের বাসার ছেলে দিনে ১২ ঘণ্টা পড়ে’, ‘তোমার বন্ধু তো সব শেষ করে ফেলেছে’-এ ধরনের মন্তব্য শিক্ষার্থীর আত্মবিশ্বাস কমিয়ে দেয়। প্রত্যেক শিক্ষার্থীর শেখার গতি, প্রস্তুতির ধরন এবং মানসিক সক্ষমতা আলাদা। তাই অন্য কারও সঙ্গে তুলনা না করে তার নিজের অগ্রগতিকে গুরুত্ব দিন।
আরও পড়ুন
পরীক্ষার দিন সকালের ১০টি জরুরি কাজ
ঘুমের সময়কে সম্মান করুন
অনেক পরিবারে ধারণা, পরীক্ষা মানেই রাত জেগে পড়তে হবে। বাস্তবে পর্যাপ্ত ঘুম স্মৃতিশক্তি ও মনোযোগ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষার্থীর ঘুমের সময় উচ্চস্বরে কথা বলা, অপ্রয়োজনীয় ডাকাডাকি বা ঘন ঘন বিরক্ত করা থেকে বিরত থাকুন। পরিবারের সবাই মিলে এমন একটি পরিবেশ তৈরি করুন, যাতে সে নির্ভয়ে বিশ্রাম নিতে পারে।
অতিথি এলে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিন
পরীক্ষার সময় ঘন ঘন অতিথি এলে অনেক শিক্ষার্থী অস্বস্তি বোধ করে। সম্ভব হলে এ সময় বড় ধরনের পারিবারিক আয়োজন, অনুষ্ঠান বা দীর্ঘ আড্ডা এড়িয়ে চলুন। অতিথিদেরও বিনয়ের সঙ্গে জানিয়ে দিন যে পরিবারের একজন সদস্য গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রস্তুতি ও পরীক্ষায় ব্যস্ত।
খাবারে থাকুক যত্ন
এই সময়ে নতুন বা অতিরিক্ত ঝাল-মসলাযুক্ত খাবারের পরিবর্তে সহজপাচ্য ও পুষ্টিকর খাবার দিন। নিয়মিত পানি পান, ফল, শাকসবজি এবং প্রোটিনসমৃদ্ধ খাবার শিক্ষার্থীর শরীর ও মনকে সতেজ রাখতে সাহায্য করে।খাবারের সময়ও পরীক্ষা নিয়ে জিজ্ঞাসাবাদ না করে স্বাভাবিক পরিবেশ বজায় রাখুন।
আরও পড়ুন
পরীক্ষাকেন্দ্রে যেসব ভুল বারবার করে শিক্ষার্থীরা
পরীক্ষার আগে নয়, আত্মবিশ্বাস দিন
অনেক অভিভাবক শেষ মুহূর্তে বলেন-‘সব মনে আছে তো?’, ‘ভুল করলে কিন্তু সমস্যা হবে’, ‘এই পরীক্ষাতেই ভবিষ্যৎ নির্ভর করছে।’ এসব কথা উদ্বেগ বাড়াতে পারে। বরং বলুন, ‘যতটুকু প্রস্তুতি নিয়েছ, সেটাই আত্মবিশ্বাস নিয়ে লিখবে’, ‘চিন্তা করো না, নিজের সেরাটা দিও।’ একটি ইতিবাচক বাক্য অনেক সময় দীর্ঘ প্রস্তুতির সমান শক্তি জোগাতে পারে।
ভাইবোনদেরও সচেতন করুন
পরিবারে ছোট ভাইবোন থাকলে তাদেরও সহজভাবে বোঝান যে কয়েক দিন একটু শান্ত থাকতে হবে। এটি শাস্তি নয়, বরং পরিবারের একজন সদস্যকে সহযোগিতা করার সুযোগ। একই সঙ্গে খেয়াল রাখুন, পরীক্ষার্থীর কারণে অন্য সন্তান যেন অবহেলিত বোধ না করে।
ভুল হলে বকাঝকা নয়
একদিন একটু দেরিতে ঘুম থেকে উঠল, একটি পরীক্ষা প্রত্যাশামতো হলো না কিংবা কোনো বিষয় নিয়ে হতাশ-এসব সময় রাগারাগি না করে তার কথা শুনুন। অনেক সময় একজন শিক্ষার্থীর সবচেয়ে বেশি প্রয়োজন হয় এমন একজন মানুষ, যার কাছে সে নির্ভয়ে নিজের উদ্বেগের কথা বলতে পারে।
ফলাফল নয়, মানসিক সুস্থতাকে গুরুত্ব দিন
পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ, কিন্তু এটি পুরো জীবন নয়। কয়েকটি পরীক্ষার নম্বর একজন মানুষের যোগ্যতার একমাত্র মানদণ্ড হতে পারে না। পরিবার যদি ফলাফলের চেয়ে চেষ্টা, সততা এবং মানসিক সুস্থতাকে বেশি গুরুত্ব দেয়, তাহলে শিক্ষার্থী শুধু পরীক্ষায় নয়, ভবিষ্যতের নানা চ্যালেঞ্জও আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করতে শিখবে।
আরও পড়ুন
এইচএসসি পরীক্ষার আগের রাতে মানসিক চাপ কমাতে যা করবেন
এইচএসসি পরীক্ষা কয়েক সপ্তাহের বিষয়, কিন্তু এই সময়ের পারিবারিক আচরণ একজন শিক্ষার্থীর মনে দীর্ঘদিন থেকে যেতে পারে। তাই ঘরে এমন একটি পরিবেশ গড়ে তুলুন, যেখানে চাপের বদলে থাকবে ভরসা, সমালোচনার বদলে উৎসাহ এবং উদ্বেগের বদলে থাকবে ভালোবাসা। মনে রাখবেন, একজন পরীক্ষার্থীর সবচেয়ে বড় শক্তি শুধু তার বই নয়; তার পাশে থাকা পরিবারের মানুষগুলোও।
জেএস/








