কিশোরগঞ্জের ভৈরবে একজন সহকারী শিক্ষককে সিএনজিচালিত অটোরিকশা থেকে জোরপূর্বক নামিয়ে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক ভৈরব থানায় লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী মুহাম্মদ ফয়সুল আলম (৪৩) উপজেলার শ্রীনগর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ভৈরব পৌর শহরের কমলপুর গাছতলাঘাট ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ২১ জুলাই বিদ্যালয়ে ইংরেজি ক্লাস চলাকালে এক শিক্ষার্থীর বিশৃঙ্খল আচরণের কারণে তাকে শাসন করা হয়। পরে ওই শিক্ষার্থীর অভিভাবককে বিদ্যালয়ে ডেকে প্রধান শিক্ষকের উপস্থিতিতে বিষয়টির মীমাংসা করা হয়। তবে ওই ঘটনার জের ধরে অভিযুক্তরা তাঁর প্রতি ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগে বলা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার বিদ্যালয় থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে অভিযুক্তরা তাঁকে বহনকারী সিএনজির গতিরোধ করে জোরপূর্বক তাঁকে নামিয়ে মারধর করেন। প্রধান অভিযুক্ত স্বাধীন মিয়া লোহার রড দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় আমিনুল ইসলামসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাঁকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শিক্ষকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে হামলাকারীদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির কথাও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার তদন্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত ওসি) লিমন বোস জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








