বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানকে নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে অনুরাগীদের মধ্যে। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে তার উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই অভিনেতার শারীরিক পরিবর্তন নিয়ে শুরু হয়েছে আলোচনা। অনেকের দাবি, আগের তুলনায় অনেকটাই অসুস্থ ও ক্লান্ত দেখাচ্ছিল তাকে। ফলে তার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলছেন অনুরাগীরা।

সম্প্রতি মুম্বাইয়ের স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি অনুষ্ঠানে যোগ দেন সালমান খান। সেখানে সংস্থার আধুনিক আইটি সার্ভার রুম উদ্বোধনের পাশাপাশি পুনর্বাসিত কয়েকটি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন তিনি। তবে তার এই মানবিক উদ্যোগের চেয়েও বেশি আলোচনায় আসে শারীরিক অবস্থা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগের তুলনায় অনেকটাই ওজন কমে গেছে সালমানের। মুখেও ক্লান্তির ছাপ স্পষ্ট বলে মন্তব্য করেছেন অনেক নেটিজেন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিভিন্ন জল্পনা-কল্পনা।

আরও পড়ুন

মেয়ের ছবি তোলা ঠেকাতে যা করলেন রানি মুখার্জি

একজন অনুরাগী লিখেছেন, ‘তাকে খুব অসুস্থ লাগছে। ঈশ্বর তাকে সুস্থ রাখুন।’ আরেকজনের মন্তব্য, ‘চোখের দিকেই বোঝা যাচ্ছে তিনি খুব ক্লান্ত। আগের সেই প্রাণবন্ত উপস্থিতিটা যেন আর নেই।’ কেউ কেউ আবার তার হাঁটার ধরন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

তবে সমালোচনা ও উদ্বেগের পাশাপাশি অনেক অনুরাগীই সালমানের পক্ষেও কথা বলেছেন। তাদের মতে, বয়স বাড়ার বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন এই অভিনেতা। একজন মন্তব্য করেন, ‘অনেক তারকা বয়স লুকাতে বিভিন্ন উপায় অবলম্বন করেন। কিন্তু সালমান নিজের স্বাভাবিক রূপেই সবার সামনে এসেছেন, এটিই প্রশংসার দাবিদার।’

যদিও সালমান খান কিংবা তার টিমের পক্ষ থেকে স্বাস্থ্যগত কোনো জটিলতার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন মন্তব্য ও গুঞ্জনের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

এদিকে স্বাস্থ্য নিয়ে আলোচনা চললেও কাজ থেমে নেই সালমানের। তার নতুন সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে বলিউডে চলছে জোর আলোচনা। জানা গেছে, ছবিটির নাম আগে ‘ব্যাটল অব গালওয়ান’ রাখা হয়েছিল। পরে গল্পে পরিবর্তন এনে নাম বদলানো হয়। পাশাপাশি চীন ও গালওয়ান উপত্যকার উল্লেখও চিত্রনাট্য থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে ছবিটির কিছু অংশের পুনঃশুটিং চলছে।

অপূর্ব লাখিয়া পরিচালিত এবং সালমা খানের প্রযোজনায় নির্মিত এই সিনেমায় একজন ভারতীয় সেনা কর্নেলের চরিত্রে অভিনয় করছেন সালমান খান। তার বিপরীতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং।

সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডে আটকে গেছে বা নির্মাণ বন্ধ হয়ে গেছে-এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে সালমান খান ফিল্মস এক বিবৃতিতে জানিয়েছে, সিনেমাটি এখনো সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়নি। তাই এটি আটকে যাওয়া বা বাতিল হওয়ার খবরের কোনো ভিত্তি নেই।

এ ছাড়া ২০২৭ সালের ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিতব্য ‘এসভিসি-৬৩’ সিনেমায় অভিনেত্রী নয়নতারার সঙ্গে দেখা যাবে সালমান খানকে। ছবিটি পরিচালনা করবেন বংশী পৈদিপল্লি। পাশাপাশি ‘রাজা শিবাজি’ সিনেমায় তার বিশেষ উপস্থিতিও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন

অন্তঃসত্ত্বা হয়েও রাতভর অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন দীপিকা, কারণ কী?

সব মিলিয়ে ভাইরাল ভিডিও ঘিরে অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও, সালমান খানের স্বাস্থ্য নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ হয়নি। ফলে ভক্তরা এখন অভিনেতার পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট বক্তব্যের অপেক্ষায় রয়েছেন।

এমএমএফ