গোয়ালন্দের দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় মাদক কারবারির কাছ থেকে থানার ওসির ড্রাইভারের টাকা গ্রহণের অভিযোগসংবলিত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ায় স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও গোয়ালন্দ আমলি আদালতের বিচারক মো. মহসিন হাসান এ আদেশ দেন। আগামী ১৬ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য রাজবাড়ীর পুলিশ সুপারকে আদেশ দিয়েছেন আদালত। আদালতের আদেশে উল্লেখ করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রাজবাড়ী সমাচার’ নামের একটি ফেসবুক পেজে ‘দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক কারবারি রিনার কাছ থেকে চাঁদা নিচ্ছেন গোয়ালন্দ থানার পুলিশ’ শিরোনামে একটি ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটি আদালতের ম্যাজিস্ট্রেটের দৃষ্টিগোচর হলে বিষয়টি আমলে নেওয়া হয়। ভিডিওতে প্রাথমিকভাবে দেখা যায়, এক নারী অপর এক যুবকের হাতে কিছু টাকা দিচ্ছেন এবং ওই ব্যক্তি টাকা নিয়ে দ্রুত স্থান ত্যাগ করছেন। ভিডিওর শিরোনাম ও বর্ণনায় দাবি করা হয়েছে, অর্থ গ্রহণকারী ব্যক্তি গোয়ালন্দ ঘাট থানায় কর্মরত পুলিশের একজন সদস্য এবং অর্থ প্রদানকারী নারী দৌলতদিয়া এলাকার একজন শীর্ষ মাদক কারবারি। এদিকে ২৮ জুন ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এক আদেশে অভিযুক্ত গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়িচালক কনস্টেবল মামুন শিকদারকে রাজবাড়ী থেকে গাজীপুর জেলায় বদলি করা হয়েছে।