চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে জেঠাতো ভাইয়ের হামলায় আহত মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর (৩৭) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২৮ জুন) দিনগত রাত ২টার দিকে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জানিপাথর বাজারে কথাকাটাকাটির জেরে অভিযুক্ত জেঠাতো ভাই শাহজান কাঠ দিয়ে মন্নানের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। হামলার পর অভিযুক্ত পালিয়ে যান।
স্থানীয়রা ও পরিবারের সদস্যরা আহত মন্নানকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মন্নান সওদাগর হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ কবির আহাম্মদের ছেলে এবং মোহাম্মদ লোকমান সওদাগরের ভাই। অভিযুক্ত শাহজান একই এলাকার সালেহ আহমদের ছেলে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, গত বছরের ১ এপ্রিল একই ইউনিয়নের তীতা গাজীপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রকৌশলী মুহাম্মদ নুরুল আলম বকুল নিহত হন। এছাড়া ২০২৫ সালের ১৫ মার্চ হলদিয়া ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় কমর উদ্দিন জিতু নামে এক যুবদল কর্মী নিহত হন।
স্থানীয় সূত্রের দাবি, ৫ আগস্টের পর থেকে হলদিয়া ইউনিয়নে তিনটি এবং পুরো রাউজান উপজেলায় অন্তত ৩০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৮টি হত্যার ঘটনা ঘটে।
এমআরএএইচ/এমআইএইচএস








