বিশ্ব সংগীত দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে কাজী নজরুল ইসলামের জনপ্রিয় গান ‘বরষা ঋতু এলো এলো’-এর নতুন পরিবেশনা। কমল দাশগুপ্তের সুরে নির্মিত এই গানে কণ্ঠ দিয়েছেন নজরুলসংগীত শিল্পী বর্ণালী সরকার।গত ২১ জুন প্রকাশিত এই বিশেষ সংগীতায়োজনে বর্ষার সৌন্দর্য, উচ্ছ্বাস এবং প্রকৃতির বৈচিত্র্যময় রূপকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পীরা।কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘বরষা ঋতু এলো এলো’ এবং বর্ষার রাগ ‘মেঘ’-এর সমন্বয়ে অনেকটা যুগলবন্দীর আদলে নির্মাণ করা হয়েছে পরিবেশনাটি। এতে সেতার পরিবেশন ও সংগীতায়োজন করেছেন জাহাঙ্গীর আলম শ্রাবণ। কণ্ঠ ও সেতারের মেলবন্ধনের মাধ্যমে বর্ষার আবহকে শ্রোতাদের সামনে তুলে ধরা হয়েছে ভিন্ন আঙ্গিকে।গানটির পরিবেশনায় আরও যুক্ত ছিলেন পাখাওয়াজ ও তবলায় রবীন্দ্রনাথ পাল এবং পিয়ানোতে কৌশিক আহমেদ অন্তর। শব্দ মিশ্রণ ও চূড়ান্ত শব্দ সংযোজনের দায়িত্ব পালন করেছেন ইফতে খাইরুল আলম শুভ। গানটি প্রসঙ্গে বর্ণালী সরকার বলেন, বিশ্ব সংগীত দিবস সংগীতশিল্পীদের জন্য একটি বিশেষ দিন। বর্ষা যেমন প্রকৃতিকে নতুন প্রাণ দেয়, তেমনি বর্ষার গানও মানুষের মনকে সজীব করে তোলে। সেই অনুভূতিকে আরও হৃদয়গ্রাহীভাবে শ্রোতাদের কাছে পৌঁছে দিতেই এই আয়োজন। তিনি জানান, নজরুলসংগীতের মূল সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে কিছুটা ভিন্নধর্মী সংগীতায়োজনের চেষ্টা করা হয়েছে। কণ্ঠ ও সেতারের সমন্বয়ে বর্ষার আবহকে নতুনভাবে উপস্থাপন করার পাশাপাশি নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও গানটিকে পৌঁছে দেওয়ার প্রয়াস ছিল।

‘বরষা ঋতু এলো এলো’ গানটি প্রকাশিত হয়েছে শিল্পীদ্বয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘কাভার্ড বাই শ্রাবণ’ এবং ‘বর্ণালী সরকার’-এ। পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও গানটি উন্মুক্ত করা হয়েছে।