বানারীপাড়ায় বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় কচা নদীর ওপর নির্মিত একটি সেতুর স্প্যান ধসে পড়েছে। এতে বানারীপাড়া-নেছারাবাদ উপজেলার মিয়ারহাট ও পিরোজপুর জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক মো. আক্তারুজ্জামান বিপ্লব জানান, সন্ধ্যা নদী থেকে বালু নিয়ে আসা একটি ভাল্কহেড সজোরে ব্রিজে ধাক্কা দিলে সেতুর এক প্রান্তের তৃতীয় পিলার বেঁকে যায় এবং একটি স্প্যান ভেঙে ভাল্কহেডের ওপর পড়ে। এ সময় ভাল্কহেডে থাকা সারেং, সুকানিসহ পাঁচ শ্রমিক নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পান। সেতু ধসে পড়ায় বানারীপাড়া-নেছারাবাদ উপজেলার মিয়ারহাট এবং পিরোজপুর জেলার মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়রা আপাতত বিকল্প পথে যাতায়াত করছেন।

উপজেলা প্রকৌশলীর দায়িত্বপ্রাপ্ত মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে উপসহকারী প্রকৌশলী পাঠানো হয়েছে। সরেজমিন পরিদর্শনের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্ত সেতুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা, দায়ী ভাল্কহেডের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সেতু পুনর্নির্মাণের ব্যবস্থা করা হবে।