ভালুকায় নুরুল ইসলাম নামে প্রবাস ফেরত অসুস্থ এক ব্যক্তিকে তার ও ভাইয়ের ছেলের বিরুদ্ধে জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে। তাকে উদ্ধার, চিকিৎসা নিশ্চিত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ভুক্তভোগীর একমাত্র মেয়ে নাজমিন আক্তার লিজা সংবাদ সম্মেলন করেছেন। সোমবার সকালে ভালুকা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার বাবা নুরুল ইসলাম দীর্ঘদিন কুয়েত প্রবাসী ছিলেন। দেশে ফেরার পর চাচা শামছুদ্দিন, চাচাতো ভাই আপেল এবং আপেলের স্ত্রী নিপু কৌশলে তার বাবার কাছ থেকে একাধিক ফিশারি ও মুরগির খামারে প্রায় এক কোটি টাকার বেশি বিনিয়োগ করান। পরে ওই বিনিয়োগের হিসাব চাইলে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এতে তিনি স্ট্রোক করে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। তার বাবাকে উদ্ধারের জন্য স্থানীয়ভাবে চেষ্টা করে ব্যর্থ হয়ে ২৯ জুন আদালত থেকে একটি সার্চ ওয়ারেন্ট ইস্যু করার পর রোববার ভালুকা মডেল থানার এসআই মোশারফ হোসেন উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেলে তার চাচা, চাচাতো ভাই, অত্মীয়স্বজনসহ স্থানীয় বিএনপির নেতাদের বাধার মুখে নুরুল ইসলামকে রেখে চলে আসেন। বাবার অসুস্থতার সুযোগ নিয়ে অভিযুক্তরা তার জমিজমা, পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিজেদের দখলে নেন। এছাড়া বিভিন্ন স্থানে বিনিয়োগ করা অর্থ এবং বিভিন্ন ব্যাংক হিসাব থেকে প্রায় এক কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে আপেল মিয়া বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এসআই মোশারফ হোসেন বলেন, ‘সার্চ ওয়ারেন্টের পরিপ্রেক্ষিতে আমি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই। সকাল থেকে দুপুর পর্যন্ত ওই বাড়িতেই অবস্থান করি। অসুস্থ নুরুল ইসলামকে তার মেয়ের সার্চ ওয়ারেন্টের কথা বললে তিনি ইশারায় মাথা নেড়ে না করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।’