মঠবাড়িয়া বড়মাছুয়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল বালা বাড়ি এলাকার দীর্ঘদিনের ভাঙা কালভার্টটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তারের উদ্যোগে সংস্কার করা হয়েছে। মঙ্গলবার কালভার্ট এর সংস্কার কাজ পরিদর্শন করেন। সম্প্রতি ভারি বৃষ্টিতে কালভার্টটি ভেঙে যাওয়ায় কোমলমতি শিক্ষার্থী, অভিভাবকসহ দুই ওয়ার্ডের শত শত মানুষ চরম দুর্ভোগের মধ্যে চলাচল করছিলেন। ভাঙ্গা কালভার্টে স্কুলছাত্র ঝুলে থাকা ছবি স্থানীয়দের ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। সংবাদ প্রকাশের মাত্র তিন দিনের মধ্যেই উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করে কালভার্টটি জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়েছে। এ বিষয়ে ইউএনও আকলিমা আক্তার বলেন, স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত যাতায়াত স্বাভাবিক রাখতে কালভার্টটি সংস্কার করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে সেখানে একটি টেকসই আরসিসি কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।








