দক্ষিণাঞ্চলের ভাঙা-কুয়াকাটা মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট ও দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। যা বর্তমানে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মহাসড়কটি দ্রুত ৬ লেনে উন্নীত করার দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে পটুয়াখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, বাস-মিনিবাস শ্রমিক সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা এবং দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা পটুয়াখালীর সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যম ভাঙা-কুয়াকাটা মহাসড়ক। তবে এটি জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা আরও বলেন, ‘পর্যটন শিল্পের বিকাশ, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং দক্ষিণাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে মহাসড়কটি ৬ লেনে উন্নীত করা সময়ের দাবি। এটি বাস্তবায়ন হলে যাতায়াত আরও নিরাপদ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে।
মানববন্ধনে তারা ভাঙা-কুয়াকাটা মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মাহমুদ হাসান রায়হান/এফএ/এএসএম








