জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এক টাকায় নামিয়ে আনার ছাঁটাই প্রস্তাব দিয়েছেন বিরোধীদলের সংসদ সদস্য মো. আমির হামজা। এর জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, এমনটি হলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস বন্ধ করে দিতে হবে। এমনকি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজের জাতীয় পতাকাও নামিয়ে ফেলতে হবে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট এবং এর ওপর আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় এ প্রস্তাব উত্থাপন করেন তিন। এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

আলোচনায় আমির হামজা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিগত কার্যক্রম নিয়ে আলোচনা উত্থাপনের উদ্দেশ্যে মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট বরাদ্দ কমিয়ে প্রতীকীভাবে এক টাকা নির্ধারণ করা হোক। তবে সংসদে কণ্ঠভোটে ওই ছাঁটাই প্রস্তাবটি নাকচ হয়ে যায়।

ছাঁটাই প্রস্তাবে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, দেশের স্বাধীনতার সুরক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই নতুন বাজেট প্রস্তাব করা হয়েছে। ‘বাজেটে পররাষ্ট্রে প্রস্তাবিত ব্যয় এক হাজার ৮৪৪ কোটি ৪৩ লাখ টাকা কোনো সাধারণ ব্যয় নয়। বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে সুদৃঢ় করার কৌশলগত বিনিয়োগ। আমাদের তুলনায় ভারতের বিদেশ মন্ত্রকের ব্যয় আমাদের টাকায় ২৯ হাজার কোটি টাকা, পাকিস্তানের তিন হাজার ৪০০ কোটি টাকা।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিরোধীদলের ছাঁটাই প্রস্তাত অনুযায়ী ব্যয় ১ টাকায় নামিয়ে আনা হলে বিশ্বে আমাদের দূতাবাসগুলো বন্ধ করে দিয়ে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে। বন্ধ করে দিতে হবে প্রবাসীদের দেওয়া সব সেবা। জাতিসংঘের সদস্য হিসেবে আমাদের বার্ষিক চাঁদা আমরা দিতে পারবো না। যার ফলে জাতিসংঘে আমাদের সদস্য পদ স্থগিত হয়ে যেতে পারে।’

এমওএস/এমএএইচ/