বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) প্রধানমন্ত্রীর নির্দেশনায় তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার সর্বশেষ অবস্থা ও অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

ডা. মনোয়ারুল কাদির প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

আরও পড়ুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

এ সময় তিনি বলেন, দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী হিসেবে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার অসুস্থতায় প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। তার নির্দেশনায় সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করা হয়েছে। তিনি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।

১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের সেপ্টেম্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গ্রেফতার হলে তার পক্ষে আইনজীবী হিসেবে আইনি লড়াইয়ে অংশ নেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

কেএইচ/এসএইচএস