গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার এলাকায় বন বিভাগের অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অভিযানে অংশ নেওয়া বন বিভাগের কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের ওপর হামলা করা হয়। এতে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তাসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন ঢাকা বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান, শ্রীপুর সদর বিট কর্মকর্তা আকতার হোসেন, সাতখামাইর বিট কর্মকর্তা বিপ্লব হোসেন, ফরেস্ট গার্ড আলমগীর, দেওয়ান শাকিল, কামাল মিয়া, আলমগীর হোসেন, আবদুল মজিদ, গাড়িচালক সোহেলসহ মোট ১৬ জন।
সাতখামাইর বিট কর্মকর্তা বিপ্লব হোসেন জানান, শ্রীপুরের আবদার এলাকার ২ নম্বর খতিয়ানভুক্ত বন বিভাগের জমিতে স্থানীয় দুলাল ও আরমান অবৈধভাবে ঘর নির্মাণ করছিলেন। ওই স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধার করতে মঙ্গলবার সকালে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমানের নেতৃত্বে বন বিভাগের প্রায় ২৫ জন কর্মকর্তা-কর্মচারী এবং দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিক ঘটনাস্থলে যান।
উচ্ছেদ কার্যক্রম শুরু হলে দুলাল ও আরমান বাধা দেন। একপর্যায়ে তাদের নেতৃত্বে অর্ধশতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বন বিভাগের সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় ১৬ জন আহত হন। একইসঙ্গে অভিযানে ব্যবহৃত শ্রীপুর রেঞ্জ কর্মকর্তার সরকারি গাড়িও ভাঙচুর করা হয় বলে জানান বিপ্লব হোসেন।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. বিজন কুমার মালাকার জানান, আহতদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান এবং সদর বিট কর্মকর্তা আকতার হোসেনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে বন বিভাগ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তরা পালিয়ে গেছেন। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।








