চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী এলাকার আলীমনগর ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। বিকেল ৪টা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে।

নিখোঁজ দুই স্কুলছাত্র হলো সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের রফাজিপাড়া গ্রামের মো. জেমের ছেলে রিফাত আলী (১৭) ও একই উপজেলার বড়াইপাড়া গ্রামের আলমের ছেলে মো. রাসেল (১৬)। তারা দুজনই স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ স্কুল ছুটির পর বাড়ি না ফিরে কয়েকজন বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যায় রিফাত ও রাসেল। গোসলের একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। বন্ধুরা তাদের না পেয়ে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অবহিত করা হয়। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৪টায় নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে অভিযান শুরু করে। বর্তমানে উদ্ধার কার্যক্রম চলছে।

চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে অভিযান শুরু করেছে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফ হাসান শুভ জানান, রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। তবে নিখোঁজ দুই স্কুলছাত্রের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম চলমান।