ফরিদপুরের ভাঙ্গা মহাসড়কে পাঁচ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন দুজন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। এক পর্যায়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে বেশ কয়েকজন পুলিশ আহত হয়।

এদিকে গুলিবিদ্ধ একজনের মৃত্যুর খবরে রাত সাড়ে ৯টার দিকে আবারও উত্তপ্ত হয়ে ওঠে পুরো বাসস্ট্যান্ড এলাকা। এ সময় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন বিক্ষুব্ধরা। এতে তিন ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বেশ কিছু দিন আগে কাপুড়িয়া সদরদী গ্রামের ইসমাইল মুন্সির ভাগনে এবাদুলকে মারধর করে হাসামদিয়া গ্রামের কয়েক যুবক। এরপর বিষয়টির মীমাংসা হয়ে যায়।

তবে, মঙ্গলবার সন্ধ্যায় হাসামদিয়া গ্রামের ওই যুবকদেরকে পেয়ে কাপুড়িয়া সদরদী গ্রামের যুবকরা তাদের মারধর করে। এ ঘটনার জেরে শুরু হয় সংঘর্ষ। এতে দুই পক্ষে যোগ দেয় পাঁচ গ্রামের মানুষ।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মহাসড়কে দীর্ঘ সময় ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন পুলিশ আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।