সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক দ্রুত ছয় লেন বাস্তবায়ন ও নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন ইউনিয়নবাসী। শুক্রবার উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শেষ মুহূর্তে স্থানীয়রা বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে সড়কে শুয়ে পড়ে বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে নিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। মানববন্ধন শেষে নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং তথ্যমন্ত্রীর বরাবর ইউএনও ইব্রাহীমের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষুব্ধরা বলেন, নিরাপদ সড়ক আমাদের অধিকার। কিন্তু বর্তমান সড়ক পরিবহণ ব্যবস্থার অব্যবস্থাপনা এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে আমাদের মহাসড়কগুলো আজ ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। প্রতিনিয়ত এ সড়কে ঝরে যাচ্ছে তাজা প্রাণ, খালি হচ্ছে মায়ের কোল।